রোববার সারাদিন যা যা ঘটেছে:
- শান্তি প্রচেষ্টায় ব্যাঘাত ঘটানোর জন্য ইরানকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গত শনিবার তারা ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি ছিলেন। এমন সময় ইরান হঠাৎ একটি জাহাজে ড্রোন হামলা চালিয়ে সেটি ভেস্তে দেয় বলে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকার বলেছেন ট্রাম্প।
- হরমুজ প্রণালিতে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় ইরান। এই ঘোষণার কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, তারা জলপথটি খুলে দিয়েছে। মার্কিন বাহিনী সেখানে নৌ-যান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।
- ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে এক টেলিফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যুক্তরাষ্ট্রের সাথে 'উত্তেজনা হ্রাস' এবং 'যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের সাথে জড়িত সব পক্ষকে সংযম প্রদর্শনের' আহ্বান জানিয়েছেন।
- চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া বাংলাদেশের বাকি শিক্ষা বোর্ডগুলোতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আর জলাবদ্ধতা ও পাহাড়ধসের কারণে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন ১৩, ১৫ এবং ১৬ জুলাইয়ের স্থগিত পরীক্ষাগুলো পরবর্তীতে নেওয়া হবে।
- বাংলাদেশের নয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে প্রায় এক লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা হয়েছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
- বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের শাসনামলে মুজিব বর্ষ উদযাপনে প্রায় নয়শ' ৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা খরচ করা হয় বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
- মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরা মাত্রই তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
- ভারী বর্ষণের ফলে দেশের যেসব এলাকায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেখানে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
- দু'দফায় জানাজা শেষে বাংলাদেশের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের দাফন সম্পন্ন হয়েছে সংসদ প্রাঙ্গণে। দ্বিতীয় জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
- কাতারের সরকার জানিয়েছে, দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
- কয়েক ঘণ্টার টানা বর্ষণে ঢাকা ও চট্টগ্রামের অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘরেও পানি উঠেছে কোথাও কোথাও। এতে ভোগান্তিতে পড়েন শহর দু’টির বাসিন্দারা।
- চীনের পূর্বাঞ্চলে শক্তিশালী টাইফুন 'বাভি'র হাত থেকে বাঁচাতে উপকূলীয় এলাকাগুলো থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে চীন।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।