বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,
পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত পদক্ষেপের কারণেই দেশে
বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ কারণে দেশের সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে।
রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়
এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।
দেশের জ্বালানি সংকটের প্রসঙ্গ টেনে
তারেক রহমান বলেন, “আমি জানি সমগ্র দেশের মানুষ শুধু ঢাকা শহর না, বাংলাদেশের সকল জেলা
উপজেলায় বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। এই যে বিদ্যুতের সমস্যা,
এই সমস্যা স্বৈরাচারের অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ ও জ্বালানির
এই অবস্থা”।
তিনি বলেন, “আগামী ২৭ তারিখ জাতীয়
সংসদের অধিবেশন শুরু হবে। সেই অধিবেশনে দেশের মানুষের কাছে উপস্থাপন করা হবে আগামী
দশ বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান কিভাবে করবো। সেই পরিকল্পনা আমরা পবিত্র জাতীয়
সংসদে উপস্থাপন করবো”।
প্রধানমন্ত্রী বলেন, “এই সংকটের
সুযোগ নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। রাজপথে যদি বিশৃঙ্খলা
তৈরি হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগন। তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত
হয়। চাকরি বাকরি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু উপকৃত হয় সেই সব বিশৃঙ্খলাকারীরা”।