আজ বুধবার যা যা হলো:
- বাংলাদেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। চলমান বিদ্যুৎ সংকট পরিস্থিতির মধ্যেই সরকারের দিক থেকে আজ এ নির্দেশনা এলো। বিদ্যুৎ বিভাগ একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে।
- ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় জন পুলিশ কর্মকর্তাকে 'অসদাচরণ ও পলায়নের' মতো অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সরকার। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জরি করা হয়েছে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীর বিরুদ্ধে 'সমকামিতার' অভিযোগ ওঠার পর তাদের আবাসিক হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান বিবিসি বাংলাকে বলেছেন, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তারা ওই দুই শিক্ষার্থীর সিট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।
- রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের অংশ হিসেবে বিবেচিত জাহাজগুলোর চলাচল বন্ধে ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনার জবাবে ইউরোপীয় জাহাজ জব্দ করার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার দূরপ্রাচ্যে নৌ মহড়া পর্যবেক্ষণের সময় পুতিন রুশ জাহাজের চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধকে ‘জলদস্যুতা’ বলে অভিহিত করেন।
- সামাজিক মাধ্যমে সুভাষ চন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর পোস্ট করলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সংবাদ সম্মেলন করে জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত কয়েকদিন ধরে রাজবংশী সম্প্রদায়ের একাংশের তরফ থেকে সুভাষ বসুকে নিয়ে কিছু 'আপত্তিকর' পোস্ট ঘিরে উত্তপ্ত বাদানুবাদ চলছিল সামাজিক মাধ্যমে।
- কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের একটি ভবন ধসে পড়ার প্রায় ৩৬ ঘণ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৩২ বছর বয়সী একজন নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় ১০ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালানো হয়।
- দিল্লির যন্তর মন্তরে দ্বিতীয় দফার আন্দোলনের ‘হুঁশিয়ারি’ দিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তার অভিযোগ, বুধবার সভার জন্য একটি হল খুঁজছিলেন তারা, কিন্তু পাননি। তার অভিযোগ, ‘ওপর থেকে চাপ’ দেওয়ার কারণেই কেউ হল ভাড়া দিতে সম্মত হননি। সেই প্রসঙ্গেই যন্তর মন্তরে আবার আন্দোলনের কথা বলেন তিনি।
- মুম্বাইয়ে ভূমিধসের কারণে একটি ভবন ধসে পড়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং আরও সাতজন আহত হয়েছেন। বুধবার ভোরে মুম্বাইয়ের ঘাটকোপারের চেরাগনগরে অবস্থিত এক আবাসিক ভবনে ঘটনাটি ঘটে।
- পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় তিন পাকিস্তানি নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে ইসহাক দার লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ ঘটনায় তিন পাকিস্তানি নাগরিক নিহত এবং একজন আহত হয়েছেন।”
বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
বিবিসি বাংলার অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।