আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

অধ্যাপক ইউনূসকে হয়রানির প্রতিবাদে সাবেক ১২ জন উপদেষ্টার বিবৃতি

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে নিউ ইয়র্কে বিমানবন্দরে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে রাশিয়া ও চীন ইরানকে সাহায্য করছে।

সরাসরি কভারেজ

রিপোর্টিংয়ে জান্নাতুল তানভী, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. মঙ্গলবার সারাদিন যা যা হলো

    • বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
    • মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের ১২ জন উপদেষ্টা। এদিকে, মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার দায় "ফ্যাসিস্ট শেখ হাসিনারই" বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
    • মঙ্গলবার কালীঘাটে বাড়ির কাছেই পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উপর হামলার অভিযোগ উঠেছে।
    • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনা সম্প্রতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
    • অসদাচরণের কারণে গ্রিসে নিযুক্ত বর্তমান মার্কিন রাষ্ট্রদূত কিম্বারলি গিলফয়েলকে পদত্যাগ করতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন, নরেন্দ্র মোদীর সরকার বিরোধীদের সঙ্গে সিজেপির বিভেদ তৈরির চেষ্টা করছে।
    • বাংলাদেশের বিরোধী দল ছায়া মন্ত্রিসভা গঠন করলে সরকারের মন্ত্রিসভাকে স্ক্রুটিনাইজ বা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারতো বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
    • সৌদি আরবের বিমানবন্দরে ইয়েমেনের হুথি গোষ্টীর হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৭ই অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
    • কংগ্রেসের নেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনের এসআইআর-কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে পিটিশন দায়ের করেছিলেন তাতে কিছু ‘ত্রুটি’ রয়েছে বলে মঙ্গলবার তা ফেরত পাঠিয়েছে শীর্ষ আদালত।
    • দুইদিন অবরূদ্ধ থাকার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
    • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো নয়জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু হয়েছে।
    • ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে “অতিরিক্ত বাড়াবাড়ি” হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • ইয়েমেনের হুথিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে ব্যর্থ হওয়ার কারণ জানতে তদন্ত শুরু করেছে সৌদি আরব।
    • এমিরেটস এয়ারলাইনসের সহযোগী প্রতিষ্ঠান এতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, আগামী সপ্তাহ পর্যন্ত আবুধাবি থেকে রিয়াদ, জেদ্দা ও দাম্মামে তাদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।

  2. বাড়ির কাছে মমতার উপর হামলার অভিযোগ

    মঙ্গলবার কালীঘাটে বাড়ির কাছেই পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উপর হামলার অভিযোগ উঠেছে।

    সংসদ সদস্য দোলা সেন অভিযোগ করেন, সন্ধ্যায় মমতা ব্যানার্জীর বাড়ির কাছে ৩৮ বছরের এক নারী তার উপর হামলা করে। পেশায় সিভিক ভলান্টিয়ার ওই নারীর কাছে ছুরি ছিল এবং তিনি প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না।

    মিজ সেনের অভিযোগ, ওই নারী সাবেক মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গালিগালাজ করেন ও রাস্তায় শুয়ে পড়েন। কালীঘাট থানায় ই-মেলে অভিযোগ জানানো হয়েছে। অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে।

    সাবেক মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে বিজেপি সরকারের সমালোচনা করেছেন দোলা সেন। অভিযোগের প্রতিলিপি শেয়ার করেছেন সাকেত গোখালে।

    কলকাতা পুলিশের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়টি নিশ্চিত করা হলেও জানানো হয়েছে, পেশায় সিভিক ভলান্টিয়ার ওই নারী সাবেক মুখ্যমন্ত্রীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন।

    কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা বলেছেন, “ঘটনাস্থল থেকে এক নারীকে আটক করা হয়েছে। তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয় বলেই প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে। তার উদ্দেশ্য বা মোটিভ ঠিক কি ছিল, তা জানার চেষ্টা চলছে।”

  3. বিরোধী দল না আসলেও সংবিধানের সংশোধনী করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    সরকারি ও বিরোধী দল সবাই মিলেই সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধন করতে হবে, কিন্তু এরপরেও যদি বিরোধী দল না আসে তাহলেও সংশোধনী করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    মঙ্গলবার রাতে সংবিধান সংশোধনী সংক্রান্ত কমিটির বৈঠক শেষে জাতীয় সংসদে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

    “সরকারি দল, বিরোধী দল সবাই মিলে আমরা সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই সংশোধনীটা গ্রহণ করি। আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। কিন্তু যদি বিরোধী পক্ষ তারপরেও না আসে, আমাদের তো সাংবিধানিক সংশোধনীটা নিতেই হবে,” বলেন মি. আহমদ।

    একইসঙ্গে, বিরোধী দল বৈঠকে না উপস্থিত না হলেও লিখিত মতামত দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

    তিনি বলেন, “এটা জাতির প্রত্যাশা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। এটা আমাদের অঙ্গীকার। আমরা অপেক্ষা করতে পারবো না। আমরা আশা করি তারা আসবেন, যদি একান্তই না আসতে পারেন লিখিত মতামত দেবেন। আমরা সবকিছুই সুযোগ রেখেছি। আমরা সবসময় আহ্বান জানাই।”

    জাতীয় ঐক্যমত্য সৃষ্টির জন্য বিলের সংশোধনী সংসদে উত্থাপিত হওয়ার সময় বিরোধী দলকে উপস্থিত থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী মি. আহমদ।

    “আর এই রিপোর্টটা প্রণীত হওয়ার পরে যে বিলটা সংশোধনীর জন্য উপস্থাপিত হবে সেখানে তারা অংশগ্রহণ করবেন আশা করি। ডিবেট হবে। তারপরে জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হতে পারে,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

  4. অধ্যাপক ইউনূসকে হয়রানির প্রতিবাদে সাবেক ১২ জন উপদেষ্টার বিবৃতি

    মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের ১২ জন উপদেষ্টা।

    বিবৃতি দেওয়ার বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন সাবেক উপদেষ্টা সাখাওয়াত হুসেইন ও আসিফ নজরুল।

    বিবৃতিতে বলা হয়েছে, “সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে চলমান হয়রানি, অনলাইনে অপপ্রচার এবং উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণের ঘটনায় আমরা আবারিত ক্ষোভ প্রকাশ করছি এবং সম্ভাব্য কঠোরতম ভাষায় এর নিন্দা জানাচ্ছি”।

    বাংলাদেশ “যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল”, তখন অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশকে পুনর্গঠনের কাজে সর্বোচ্চ চেষ্টা করেছে উল্লেখ করে এতে বলা হয়, “গভীর দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি, কিছু রাজনৈতিক দুর্বৃত্ত এবং একটি স্বার্থান্বেষী মহল অধ্যাপক ইউনূসকে ঘিরে নিরলসভাবে বিদ্বেষপূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাচ্ছে এবং তাকে শারীরিকভাবে হুমকি দিচ্ছে। অস্থিতিশীলতা সৃষ্টি এবং অন্তর্বর্তী সরকারের বিশ্বাসযোগ্যতা ও ব্যাপক গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করার লক্ষ্যে নেওয়া এ ধরনের কাপুরুষোচিত কৌশলের আমরা তীব্র নিন্দা জানাই”।

    “বাংলাদেশের জনগণ এবং তরুণদের বিপুল আত্মত্যাগের মাধ্যমে অর্জিত সংস্কার ও মর্যাদার ঐতিহাসিক আকাঙ্ক্ষাকে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শাসন ও তার সমর্থকদের বিদ্বেষপূর্ণ অপপ্রচার ও প্রচেষ্টার মাধ্যমে মুছে ফেলা যাবে না, এবং তা হতে দেওয়া হবে না” বলেও ইংরেজিতে দেওয়া বিবৃতিটিতে বলা হয়েছে।

    বিবৃতির নিচে যাদের নাম রয়েছে, তারা হলেন– সাবেক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, মুহাম্মদ ফাওজুল কবির খান, সিআর আবরার, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাখাওয়াত হোসেন, ফারুক-ই-আজম, ফরিদা আখতার, শারমিন এস মুরশিদ, মোস্তফা সরয়ার ফারুকী ও সৈয়দা রিজওয়ানা হাসান।

  5. অধ্যাপক ইউনূসকে হেনস্তার দায় শেখ হাসিনারই: জামায়াতের আমির

    বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার দায় "ফ্যাসিস্ট শেখ হাসিনারই" বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

    মঙ্গলবার ওই পোস্টে তিনি লিখেছেন, "পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদেরকে সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উস্কানি দিয়ে যাচ্ছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই।"

    একইসঙ্গে, এই ঘটনায় "সরকারের উচিত হবে এ ব্যাপারে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। এরা যে ফ্যাসিস্ট, দেশ থেকে পালিয়ে গিয়েও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ অব্যাহত রেখে তা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে। শেইম..." লিখেছেন তিনি।

  6. হরমুজ প্রণালিতে জাহাজের ওপর হামলা 'যুদ্ধ শুরুর পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে'

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনা সম্প্রতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

    কেপলার এবং উইন্ডওয়ার্ডের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে পাঁচই অক্টোবর থেকে ১১ই অক্টোবরের মধ্যে ১২টি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে।

    এই হামলা যুদ্ধ শুরুর পর থেকে এক সপ্তাহে সর্বোচ্চ হামলার রেকর্ড এবং যুদ্ধের প্রথম সপ্তাহের ১১টি হামলার ঘটনাকেও ছাড়িয়ে গেছে।

    কেবলমাত্র ১১ই অক্টোবরই ছয়টি জাহাজে হামলা চালানো হয়েছে।

    হরমুজ প্রণালি এবং ওমানের সোহার বন্দরের কাছাকাছি এলাকায় পাঁচটি তেলবাহী ট্যাংকার ও একটি কন্টেইনার জাহাজে হামলা হয়।

    গত সপ্তাহে কাতার, পূর্ব ফুজাইরা এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বন্দরের কাছাকাছি এলাকাতেও তেলবাহী ট্যাংকারগুলোতে হামলা চালানো হয়েছিল।

  7. গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে পদত্যাগ করতে বলেছেন ট্রাম্প

    হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া নিশ্চিত করেছেন, গ্রিসে নিযুক্ত বর্তমান মার্কিন রাষ্ট্রদূত কিম্বারলি গিলফয়েলকে পদত্যাগ করতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, গিলফয়েল ট্রাম্পের একজন ডোনারের কাছে টেক্সট বার্তার মাধ্যমে ছয় অঙ্কের ক্রেডিট কার্ডের বিল পরিশোধে সহায়তা চেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে, যার বিনিময়ে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিকে বিশেষ যোগাযোগের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

    গিলফয়েল এই অসদাচরণের অভিযোগ অস্বীকার করেছেন এবং তার আইনজীবীরা ওই টেক্সট বার্তাগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন, দাতা এরিক ডিটার্স বক্তৃতা ও পরামর্শমূলক কাজের জন্য গিলফয়েলের কাছে অর্থ পাওনা ছিলেন।

    একসময় প্রেসিডেন্টের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে গিলফয়েলের বাগদান হয়েছিল। তবে কয়েক বছর আগে তাদের সম্পর্ক ভেঙে যায়।

    রাষ্ট্রদূত হওয়ার আগে গিলফয়েল দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ট্রাম্পের সমর্থক ছিলেন এবং ফক্স নিউজের উপস্থাপক হিসেবে কাজ করেছেন।

  8. অধ্যাপক ইউনূসকে হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা হয়েছে: হুমায়ুন কবির

    বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ে সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

    “যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীকে ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি,” বলেন মি. কবির।

    অধ্যাপক ইউনূসের ওপর এই হামলার নিন্দা জানিয়ে তিনি বলেছেন, "এ ধরনের কাপুরুষোচিত হামলা শুধু টেররিস্টরাই করতে পারে।"

    সাবেক প্রধান উপদেষ্টাকে এমন হেনস্তা সরকার "হালকাভাবে নেয়নি" এবং এটি অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছেন তিনি।

  9. বিরোধীদের সঙ্গে সিজেপির বিভেদ তৈরির চেষ্টা করছে মোদী সরকার: অভিজিৎ দীপকে

    ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিরোধীদের সঙ্গে সিজেপির বিভেদ তৈরির চেষ্টার অভিযোগ করেছেন নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে।

    এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “সিজেপিকে যখন বিক্ষোভের অনুমতি দেওয়া হলো, তখনই অনেক মানুষ ষড়যন্ত্রতত্ত্ব ছড়াতে শুরু করেন যে বিজেপিই আমাদের সেখানে পাঠিয়েছে। গতকাল ইন্ডিয়া ব্লক বড় ধরনের বিক্ষোভ করেছে, কিন্তু ১০ই অক্টোবর আমরা যে ধরনের পুলিশি পদক্ষেপ দেখেছিলাম, এবার তেমন কিছু হয়নি।”

    “এভাবেই সরকার আমাদের একে অপরের বিরুদ্ধে ব্যবহার করে। ভিন্ন ভিন্ন বিক্ষোভের ক্ষেত্রে ভিন্ন আচরণ করে তারা এমন মানুষদের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস তৈরি করে, যারা শেষ পর্যন্ত একই উদ্দেশ্যে লড়াই করছে।”

    তিনি বলেন, “আমি শুধু সবার প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা এই কৌশলগুলো বোঝার চেষ্টা করুন। আজ তারা একটি বিক্ষোভের অনুমতি দিতে পারে, আবার অন্যটি দমন করতে পারে। আগামীকাল তারা উল্টোটাও করতে পারে। তাদের লক্ষ্য হলো, যারা ক্ষমতায় আছে তাদের প্রশ্ন করার বদলে আমরা যেন একে অপরকে সন্দেহ করতে থাকি।”

    “ষড়যন্ত্রতত্ত্বকে আমাদের বিভক্ত করার সুযোগ দেবেন না। যখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো উচিত, তখন নিজেদের মধ্যে লড়াইয়ের ফাঁদে পা দেবেন না।”

  10. বিরোধী দল ছায়া মন্ত্রিসভা গঠন করলে সরকারের মন্ত্রিসভাকে স্ক্রুটিনাইজ করতে পারতো: ডেপুটি স্পিকার

    বিরোধী দল ছায়া মন্ত্রিসভা গঠন করলে সরকারের মন্ত্রিসভাকে স্ক্রুটিনাইজ বা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারতো বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

    মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

    “আমরা কথায় কথায় সংসদীয় গণতন্ত্রের কথা বলি, ওয়েস্ট মিনিস্টার টাইপের সংসদের কথা বলি। কিন্তু বিরোধী দল কেন আজকে তারা শ্যাডো কেবিনেট গঠন করছে না, অর্থাৎ ছায়া মন্ত্রিসভা গঠন করছেন না। ছায়া মন্ত্রিসভা গঠন করা হলে বর্তমান যে সরকারের মন্ত্রিসভা আছে সেই ছায়া মন্ত্রিসভা সরকারের মন্ত্রিসভাকে স্ক্রুটিনাইজ করতে পারতেন,” বলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

    বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বানও জানান তিনি।

    মি. কামাল বলেন, “আজ সবাই বলছি, জাতীয় সংসদকে কার্যকর করতে হবে। জাতীয় সংসদ যদি কার্যকর না থাকে দেশ আবারো বিপথে যাওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তাই জাতীয় সংসদকে কার্যকর করার জন্য ট্রেজারি বেঞ্চ, অর্থাৎ সরকারি দলের যারা আছেন তাদের যেমন কাজ করতে হবে, ঠিক তেমনিভাবে বিরোধী দলের তাদেরও কিন্তু সেখানে একটা গ্রেটার রেসপনসিবিলিটি আছে।”

    “এটা মনে করার কারণ নেই যে, আমরা বিরোধী দলের, সংসদে সরকারি দলের আধিক্য তারাই দেশ চালাবে। নো, সরকারি দল এবং বিরোধী দল বোথ আর দ্য পার্ট টু বিল্ড দ্য নেশন।”

  11. শনিবার পর্যন্ত দাম্মাম ও রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

    সৌদি আরবের বিমানবন্দরে ইয়েমেনের হুথি গোষ্টীর হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দাম্মামগামী এবং ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ই অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

    এই ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে তথ্য পরবর্তীতে যথা সময়ে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

    একইসঙ্গে, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত এবং বাংলাদেশে ফিরতে পারবেন বলে জানিয়েছে বিমান বাংলাদেশ।

    এক্ষেত্রে টিকিট ও ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

  12. এসআইআর নিয়ে রাহুল গান্ধীর আবেদনে ‘ত্রুটি’, সংশোধনের পর আদালতে দায়েরের নির্দেশ

    কংগ্রেসের নেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনের এসআইআর-কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে পিটিশন দায়ের করেছিলেন তাতে কিছু ‘ত্রুটি’ রয়েছে বলে মঙ্গলবার তা ফেরত পাঠিয়েছে শীর্ষ আদালত। সেই বিষয়গুলো সংশোধন করে পুনরায় পিটিশন দায়ের করার কথা জানিয়েছে আদালত যাতে তা নিবন্ধিত হতে পারে।

    এই প্রসঙ্গে তার আইনজীবী প্রসন্ন এস বিবিসি নিউজ হিন্দিকে বলেছেন, “এটা একটা স্বাভাবিক ও নিয়মমাফিক প্রক্রিয়া এবং সংশোধিত আবেদনপত্র শিগগিরই রেজিস্ট্রিতে আবার জমা দেওয়া হবে।”

    “অনেক ক্ষেত্রেই সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনপত্রগুলো প্রথমবারে গৃহীত হয় না এবং রেজিস্ট্রি সেগুলোতে প্রয়োজনীয় সংশোধন করিয়ে নেয়।”

    প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণ এবং এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে সোমবার ইন্ডিয়া জোটের শরিক দলগুলো দিল্লির বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাতের জন্য সময়ও চাওয়া হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে।

    কিছু কারণ উল্লেখ করে সাক্ষাতের সেই আবেদনে সাড়া দেননি প্রধান বিচারপতি। তবে তিনি উল্লেখ করেছিলেন যে কোনো ভারতীয় নাগরিক আদালতের দ্বারস্থ হতে পারেন।

    সোমবার সন্ধ্যায় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে একটা পিটিশন দায়ের করেন রাহুল গান্ধী। ওই আবেদনে সুপ্রিম কোর্টের কাছে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সম্পর্কিত সব সিদ্ধান্তের নথি আদালতে পেশ করতে এবং এসআইআর-এর সিদ্ধান্তগুলো সাংবিধানিক বিধান অনুসারে নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে অনুরোধ করা হয়েছিল।

    আবেদনে এসআইআর-এর ফলস্বরূপ ভোটার তালিকায় করা সংশোধনীগুলো নিরীক্ষা করার জন্য একটা স্বাধীন কমিটি গঠনেরও দাবি জানানো হয়েছে। ভারতজুড়ে তালিকা থেকে বাদ পড়া ভোটারদের নাম ও সংশ্লিষ্ট তথ্য জনসমক্ষে প্রকাশ করার কথা বলা হয়েছে।

    কোনো ভোটারের নাম বিনা নোটিশে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না এবং এসআইআর-এর ওপর একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ আরোপ করতে হবে বলেও ওই আবেদনে উল্লেখ করা হয়েছিল।

  13. দুইদিন অবরুদ্ধ থাকার পর হাসপাতালে চুয়েট উপাচার্য

    দুইদিন অবরূদ্ধ থাকার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    পুলিশ স্ট্রেচারে করে উপাচার্য মি. আলমকে অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যায়। এ সময় তার কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য দেখা গেছে।

    শেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যার পরও ক্যাম্পাসে অবস্থান করছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে উপাচার্য ভবনে অবরুদ্ধ আছেন ছিলেন উপাচার্য।

    আন্দোলনকারীরা তার পদত্যাগের দাবিতে অনড়। এর আগে, তারা উপাচার্য ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগও বন্ধ করে দিয়েছিল।

    সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবির আন্দোলনকে কেন্দ্র করে গত ২২ দিন ধরেই প্রায় অচল এই বিশ্ববিদ্যালয়।

    নিয়োগের ২১ দিন পর সোমবার নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন।

  14. 'তিনি একদম ঠিক আছেন', অধ্যাপক ইউনূস সম্পর্কে ফেসবুকে লিখেছেন লামিয়া মোরশেদ

    যুক্তরাষ্ট্রের জনএফ কেনেডি বিমান বন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনার পর ফেসবুকে এক পোস্টে লামিয়া মোরশেদ জানিয়েছেন, "হি ইজ ডুইং জাস্ট ফাইন", অর্থাৎ, তিনি একদম ঠিক আছেন।

    মঙ্গলবার ইউনূস সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর লামিয়া মোরশেদ তার ভেরিফায়েড ফেসবুক পেইজে দুইটি ছবি দিয়ে ইংরেজিতে এই স্ট্যাটাস দেন।

    "জেএফকে বিমানবন্দরে ওই বর্বর হামলা চালানোর ঠিক কয়েক মিনিট আগে ছবিগুলো আমি তুলেছিলাম। এই পুরো যাত্রায় অনেক ভালোবাসা ও শ্রদ্ধা" - লিখেছেন তিনি।

    "তিনি একদম ঠিক আছেন। এটি কেবল ওই বর্বরদের চরম নিষ্ঠুরতা এবং তারা যে কতটা করুণ সেটি প্রকাশ করেছে। স্যারের কাছে তাদের কোনো মূল্যই নেই। যারা অনেক সমর্থন করে বার্তা দিয়েছেন তাদের ধন্যবাদ, প্রিয় বন্ধুরা।"

  15. বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

    বিরোধী দলের নেতাদের মঙ্গলবার চায়ের আমন্ত্রণ করেছেন লোকসভায় বিরোধী দলের নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

    ইন্সটাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, “আজ আমি আমার বাড়িতে ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতাদের, বিরোধী দলের সংসদ সদস্যদের, ছাত্র সংগঠনগুলোকে এবং সুশীল সমাজের বন্ধুদের চায়ের আমন্ত্রণ জানিয়েছি।”

    তিনি আরো বলেন, “গণতন্ত্র রক্ষার এই গণআন্দোলনে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং এই আন্দোলন অব্যাহত থাকবে।”

    চা পানের এই অনুষ্ঠানের পর নেতারা সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন রাহুল গান্ধী।

    রাহুল গান্ধী এবং ককরোচ জনতা পার্টিসহ বিরোধী দলগুলো প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে।

    ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’এর একটি প্রতিবেদনের প্রেক্ষাপটে এই দাবি তুলেছেন তারা।

    প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত বছর বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) অভিযানের সময় নির্বাচন কমিশনারদের অনেক সিদ্ধান্ত সম্পর্কে জানানো হয়নি এবং দুই নির্বাচন কমিশনারই বারবার এই সিদ্ধান্তগুলোর বিরোধিতা করেছিলেন।

  16. জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কলকাতা-পাটনায় মিছিল

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার কলকাতা, বিহারের পাটনা-সহ একাধিক জায়গায় মিছিল হয়েছে। পুলিশের বাধার মুখেও পড়তে হয়েছে মিছিলে অংশগ্রহণকারীদের।

    মঙ্গলবার কলকাতার রাজাবাজার থেকে মিছিলের ডাক দিয়েছিল সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূলের যুব সংগঠন। তবে তা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে পুলিশি বাধার সম্মুখীন হতে হয় মিছিলকে। ব্যারিকেড করে মিছিলকে এগোতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন দোলা সেন এবং কুণাল ঘোষ।

    কুণাল ঘোষ সাংবাদিকদের বলেন, “মমতার ব্যানার্জীর নেতৃত্বে তৃণমূলের মূলত ছাত্র-যুবরা মিছিলের ডাক দিয়েছিল রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত। এটা করতে দেবেন না বলে খোদ শুভেন্দু অধিকারী ঘোষণা করছেন।”

    “আমাদের ছাত্র-যুবরা নিয়ম মেনে পুলিশকে মেইল-ও করে দিয়েছিল। আজ বিশাল সেন্ট্রাল ফোর্স নামিয়ে দিয়েছে। তো যে তৃণমূল দুর্বল, যে তৃণমূল না কি হেরে গিয়েছে তার ছাত্র-যুবদের ঠেকাতে এখানে দেখুন যুদ্ধের পরিবেশ।”

    কলকাতা পুলিশ এ নিয়ে একটা সাংবাদিক সম্মেলন করে। সেখানে পুলিশ কমিশনার অজয় নন্দা বলেছেন, “আমাদের কাছে মিছিলের কোনো খবর নেই। এই কারণেই সরকারিভাবে আমি জানি না কার মিছিল রয়েছে বা সেই মিছিলে কত লোক হবে। সেই মিছিল কোথায় শুরু হবে বা কোথায় শেষ হবে, সেটাও জানি না।”

    এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই মিছিল নিয়ে মন্তব্য করেন। তাকে বলতে শোনা যায়, “মিছিল না করাই উচিত ওর (মমতার ব্যানার্জীর)। ওকে আমি পরামর্শ দেব, অনুরোধ করব আমি। উনি বয়সে বড়। এইগুলো না করাই ভালো। আর রাজাবাজার থেকে পার্ক সার্কাস কেন বেছে নিয়েছেন? আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে।”

    বিহারের পাটনা শহরে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং রেভোলিউশনারি ইয়ুথ অ্যাসোসিয়েশন মঙ্গলবার রাজভবন অভিমুখে মিছিল করে। বিক্ষোভকারীরা গান্ধী ময়দানের ১০ নম্বর গেট থেকে তাদের মিছিল শুরু করেন। মিছিল চলাকালে পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে।

    আবার সোমবার কেরালা বিধানসভা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে প্রস্তাব পাস করেছে। জ্ঞানেশ কুমারকে তার পদ থেকে অপসারণ করার আহ্বান জানিয়ে এমন প্রস্তাব গ্রহণকারী এই রাজ্য বিধানসভাই প্রথম।

  17. ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৯ জনের মৃত্যু

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায়ই মারা গেছে পাঁচজন।

    বাকিদের মধ্যে খুলনায় দুইজন, ময়মনসিংহে একজন এবং চট্টগ্রামে একজন মারা গেছে।

    মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এ বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩১৬ জন মারা গেছে।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো এক হাজার ৯৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    আর এ বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো এক লাখ তিন হাজার ৩৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

  18. ইরানি নেতাদের হত্যা করার ক্ষেত্রে আমরা হয়তো অনেকদূর চলে গেছি: ট্রাম্প

    ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে “অতিরিক্ত বাড়াবাড়ি” হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    গতকাল রাতে ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “হয়তো আমরা ইরানি নেতাদের ওপর অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছি, কারণ এখন আমরা আর জানি না যে আমরা কার সঙ্গে ডিল করছি।”

    ইরানবিরোধী ইসরায়েলি-মার্কিন যুদ্ধে নিহত ইরানের সাবেক নেতা ও শীর্ষ কর্মকর্তাদের কথা বুঝিয়েছেন তিনি।

    ট্রাম্প মনে করছেন, ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করার কারণে যুক্তরাষ্ট্রের কার সঙ্গে আলোচনা করা উচিত সেটি চিহ্নিত করা এখন জটিল হয়ে পড়েছে।

    মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইরানের নেতৃত্ব পর্যায়ে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সে বিষয়ে ওয়াশিংটন এখনো নিশ্চিত নয়।

    ওহাইওর সমাবেশে ট্রাম্প আরো উল্লেখ করেন, “ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে সফল হতে দেওয়া হবে না এবং দেশটিকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক।”

  19. রিয়াদ বিমানবন্দরে হামলা: আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর, তদন্ত করছে সৌদি আরব

    ইয়েমেনের হুথিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে ব্যর্থ হওয়ার কারণ জানতে তদন্ত শুরু করেছে সৌদি আরব। বিভিন্ন প্রতিবেদনে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে।

    সম্প্রতি ইয়েমেনের হুথিরা রিয়াদ বিমানবন্দরে তিনটি প্রাণঘাতী হামলা চালিয়েছে।

    দুই আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি জানিয়েছে, প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে যে, ডিফেন্স ব্যারিয়ার বা প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর বিমানবন্দরে আঘাত হানার পথ সুগম করতে হুথিরা প্রথমে কয়েকটি ড্রোন ছুঁড়েছিল।

    এই কর্মকর্তাদের একজনের মতে, এই তদন্তগুলোর আরেকটি উদ্দেশ্য হলো, কেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলাগুলো সম্পর্কে কোনো আগাম সতর্কবার্তা জারি করেনি সেটি খতিয়ে দেখা।

    হামলার পর সৌদির রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরটি অন্তত আগামী শনিবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে এবং বিমানসংস্থাগুলো রিয়াদগামী সব ফ্লাইটগুলো স্থগিত করেছে।

    শনিবার রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত হয়েছেন।

  20. হামের উপসর্গে আরো ছয় শিশুর মৃত্যু

    বাংলাদেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ঢাকায় তিন জন, সিলেটে একজন এবং চট্টগ্রামে দুই জন।

    মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

    আর এ বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে এক হাজার ৬৬ জন। আর নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের।

    এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ভুগছেন এমন আরো এক হাজার ৭৪ জন শনাক্ত হয়েছে।

    এ বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ভুগছেন এমন দুই লাখ সাত হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।

    এছাড়া, গত ২৪ ঘণ্টায় আরো ১৩৯ হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত ২২ হাজার ৭১২ হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।