আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, করমুক্ত আয়সীমা চার লাখ টাকাসহ অর্থবিলে যেসব পরিবর্তনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাংলাদেশে আগামী দুই অর্থবছরে করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকা করার প্রস্তাব করেছেন দেশটির প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে ব্যাংক হিসাব, জমি নিবন্ধনে টিআইএনের বাধ্যবাধকতা তুলে দেওয়াসহ আরো কিছু প্রস্তাবনা আনা হয়েছে। দিনের প্রধান খবরগুলো জানতে নজর রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. ডায়ালাইসিস এবং ক্যান্সার চিকিৎসার কাঁচামালসহ বেশ কিছু সরঞ্জামের ওপর ভ্যাট ও ট্যাক্স সর্বোচ্চ কমানো হচ্ছে

    ডায়ালাইসিস ফিল্টার, হার্টের ভালভ, স্টেন্ট, পেসমেকার, চোখের লেন্স এবং ক্যান্সার চিকিৎসার কাঁচামালসহ বেশ কিছু চিকিৎসা সরঞ্জামের ওপর ভ্যাট ও ট্যাক্স সর্বোচ্চ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এক বক্তব্যে তিনি জানান, পরিবারে কেউ অসুস্থ হলে একটি পরিবার নিঃস্ব হয়ে যায় এমন বিবেচনায় এসব উপাদানের ওপর কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    “সেদিকে লক্ষ্য রেখেই অর্থমন্ত্রীসহ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ডায়ালাইসিস ফিল্টার, হার্টের স্টেন্ট, হার্টের ভালভ, পেসমেকার, অক্সিজেনেটর, পেরিফিলেটর ভাসকুলার স্ট্যান্ড, রেডিও ফ্রিকোয়েন্সি, ওভুলেশন ফাইবার, চোখের লেন্স এবং ক্যান্সার চিকিৎসার যে কাঁচামাল, এগুলোর ওপরে ভ্যাট এবং ট্যাক্স যতটুকু সম্ভব ম্যাক্সিমাম কমানো যায় আমরা সেই উদ্যোগ গ্রহণ করেছি” বলেন প্রধানমন্ত্রী।

    তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে বাজেট পাস হওয়ার পরদিন থেকে এসব চিকিৎসা সেবা গ্রহণকারীদের খরচ অর্ধেকে নেমে আসবে।

    “এর ফলে আমরা হিসাব করে দেখেছি, একজন লোকের যদি এখন হাতে স্টেইন করতে এক লক্ষ টাকা লাগে, আগামী পরশুদিন এই বাজেট পাস হওয়ার সাথে সাথে সেই খরচটি নেমে অলমোস্ট ফিফটি পারসেন্ট অর্থাৎ ৫০ শতাংশে চলে আসবে” বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  2. পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের বেতনের আয় করমুক্ত করতে প্রধানমন্ত্রীর অনুরোধ

    পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ব্যবসা-কৃষিখাতসহ অন্যান্য আয়ের পাশাপাশি বেতন আয়কেও করমুক্ত করার জন্য অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    সোমবার জাতীয় সংসদে এবারের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আলোচনায় অংশ নিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে এমন অনুরোধ করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী।

    তিনি বলেন, “দেশের তিনটি পার্বত্য জেলায় বিশেষ করে ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী ব্যক্তিগণের যে বেতন এবং তাদের আর্থিক পরিসম্পদ হতে যে অর্জিত আয়, এটা ব্যতীত পার্বত্য জেলার পরিচালিত যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে যে অর্জিত আয়- সেটিকে করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে উপস্থাপিত যে বাজেট তাতে।”

    একইসঙ্গে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে তাদের বেতনের আয়ও করমুক্ত করার অনুরোধ জানিয়েছেন মি. রহমান।

    “পার্বত্য জেলার যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আছেন, করমুক্ত আয়ের এই সুবিধাটা আরেকটু বাড়িয়ে তাদের ব্যবসা-কৃষিখাতসহ অন্যান্য আয়ের পাশাপাশি বেতন আয়কেও করমুক্ত করা হোক” সংসদে বলেন প্রধানমন্ত্রী।

    এই সুবিধা পাহাড়ি এবং সমতল উভয় স্থানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ক্ষেত্রেই প্রযোজ্য বলে জানান তিনি।

  3. ব্যাংক হিসাব খুলতে ও কিছু দলিল সম্পাদনে টিআইএন লাগবে না

    ব্যাংক হিসাব খুলতে ও কিছু দলিল সম্পাদনের ক্ষেত্রে টিআইএন জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে দিতে যাচ্ছে সরকার।

    সোমবার বাংলাদেশের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ''বাজেটে প্রস্তাব করা হয়েছিল যে, স্টুডেন্টসহ কয়েকটি ক্ষেত্রে ব্যাংক হিসাব খোলার জন্য টিআইএন দাখিলের বাধ্যবাধকতা রাখা হয়েছিল।''

    ''এছাড়া বন্টননামা দলিল রেজিস্ট্রেশন, সম্পত্তির দলিল মিউটেশনের ক্ষেত্রেও টিন দাখিলের বিধান করার প্রস্তাব করা হয়েছিল। এ নিয়ে জনমনে বিভিন্ন কনফিউশন দেখা দিয়েছে। আমি মাননীয় অর্থমন্ত্রীকে প্রস্তাব করবো যেন এই বিষয়টিও প্রত্যাহার করা হয়।''

  4. করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকা করার প্রস্তাব

    বাংলাদেশে করমুক্ত আয়ের আগামী দুই করবর্ষের জন্য সীমা চার লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে করদাতারা আরো ৫০ হাজার টাকা করমুক্ত আয়ের সুযোগ পাবেন।

    এর আগে বাজেটে এই সীমা ৩ লাখ ৭৫ টাকা প্রস্তাব করা হয়েছিল।

    অর্থবিল পাসের দিনে বাংলাদেশের জাতীয় সংসদে এই প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    তিনি সংসদে বলেন, ''সরকার এমন একটি রাজস্ব ইকোসিস্টেম গড়ে তুলতে চায় যেখানে করদাতাগণ কর প্রদান করে উন্নয়নে অংশীদার হবেন এবং গর্ব বোধ করবেন। এবারের বাজেটে ব্যক্তি করদাতাগণের আয়কর অব্যাহতির সীমা ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ কর বছরের জন্য তিন লক্ষ ৭৫ হাজার টাকা এবং ২০২৮-২৯ এবং ২৯-৩০ করবছরের জন্য চার লাখ টাকা এবং ২০৩০-৩১ কর বছরের জন্য চার লক্ষ্য ৫০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।''

    ''ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা। এবং সেকারণে মাননীয় স্পিকার ২০২৬-২৭ কর বছরের জন্য চার লাখ টাকা, ২০২৮-২৯ এবং ২৯-৩০ কর বছরের জন্য ৪ লক্ষ ৫০ হাজার এবং ২০৩০-৩১ কর বছরের জন্য পাঁচ লাখ টাকা করার জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর প্রতি অনুরোধ রাখছি,'' বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  5. রোববার সারাদিন যা যা হয়েছে

    • চব্বিশের জুলাই আন্দোলনের নেতা ও মাস্টারমাইন্ড কে? এমন প্রশ্নে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিএনপির সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তারেক রহমানের নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। অন্যদিকে, "এই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না" বলেছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।
    • ভেনেজুয়েলায় দুই দফার ভূমিকম্পে অন্তত ১৪৩০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সেদেশের কর্তৃপক্ষ। এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ বলে ধারণা করছে উদ্ধার কার্যক্রমে জড়িত সংস্থাগুলো।
    • জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে সরকার একদলীয় শাসন কায়েম করতে চায় নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এমন প্রশ্ন তুলেছেন দলটির নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।
    • বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশের সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর দ্বারা 'প্রায় দশজন হত্যা হয়েছে' দাবি করে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা দেখতে চাই বিএনপি কিভাবে সীমান্ত হত্যা বন্ধ করে।
    • জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও আরো দুইজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের মাঠে ফুটবল বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে কয়েকজন সাবেক শিক্ষার্থী হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের মধ্যে নারী শিক্ষার্থীও ছিল। ঘটনা তদন্তে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
    • টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া এই আটটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
  6. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলার আরো খবর রয়েছে মূলপাতায়

    খবরের অডিও, ভিডিও এবং বিস্তারিত বিশ্লেষণ সরাসরি উপভোগ করতে যুক্ত হতে পারেন বিবিসি নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরাখবরের নোটিফিকেশন পেতে ফলো করতে পারেন বিবিসি নিউজ বাংলা ফেসবুক পেজ