আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, পূজায় একদিনের সাপ্তাহিক ছুটি বাতিল করে প্রজ্ঞাপন, তবে থাকছে তিনদিনের টানা ছুটি

বাংলাদেশে আসন্ন দুর্গাপুজায় টানা তিনদিন সরকারি ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে তাদের জন্য এই সপ্তাহের একদিনের ছুটি কমছে। বিস্তারিত বিবিসি বাংলা লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোর্টিং করছেন মরিয়ম সুলতানা, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন ভর্তি আঠারোশ জনের বেশি

    বাংলাদেশে ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে মারা গেছে আট জন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৬০ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

    এই সময়ের মাঝে সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে খুলনা বিভাগ ও ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশন বাদে)।

    আর যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন করে। এছাড়া, বরিশাল বিভাগ ও সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন করে মারা গেছেন।

    দেখা যাচ্ছে, এই সময়ের মধ্যে আক্রান্তদের ৬৪ শতাংশই পুরুষ। তবে মৃত্যুর হার নারীদের বেশি।

    চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ২৮৯ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ২১৬ জন।

    আরও পড়ুন...

  2. রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

    রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের বিজ্ঞানী অঁরি কাগান এবং জাপানের কেনসো সোয়াই।

    সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বুধবার এ বছরের রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।

    গবেষকরা আবিষ্কার করেছেন যে, প্রকৃতি কীভাবে কোনো অণুর কেবল সঠিক সংস্করণটিই তৈরি করে—এর দর্পণ-প্রতিচ্ছবি নয়।

    তাদের এই আবিষ্কার ওষুধ তৈরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে নোবেল পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষ।

    ৭৬ বছর বয়সী সোয়াই এবং ৯৫ বছর বয়সী কাগানের গবেষণার ভিত্তি তৈরি হয়েছিল উনিশ শতকের ফরাসি রসায়নবিদ লুই পাস্তুরের একটি আবিষ্কারের ওপর।

    এর আগে সোমবার চিকিৎসাবিজ্ঞান এবং মঙ্গলবার পদার্থবিজ্ঞানে এ বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

  3. শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে স্টান গ্রেনেডের ব্যবহার স্থগিত করেছে ফ্রান্স

    ফ্রান্সজুড়ে চলমান শিক্ষা বিক্ষোভ নিয়ন্ত্রণে স্টান গ্রেনেডের ব্যবহার স্থগিত করা হয়েছে। কারণ চলতি সপ্তাহের শুরুতে এমন একটি গ্রেনেড বিস্ফোরণে ১৫ বছর বয়সী এক কিশোরের হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

    ওই ঘটনা সম্পর্কে বিক্ষোভকারীরা ও কর্মকর্তারা পরস্পরবিরোধী বর্ণনা দিচ্ছেন।

    কর্তৃপক্ষের দাবি, পুলিশের ছোড়া গ্রেনেডটি ওই কিশোর মাটি থেকে তুলে নেওয়ার পর বিস্ফোরিত হয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ, একজন পুলিশ কর্মকর্তার ছোড়া গ্রেনেড সরাসরি কিশোরটির গায়ে লাগে।

    এ প্রেক্ষাপটে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ ন্যুনিয়েজ জানিয়েছেন, সোমবার ফ্রান্সের লঁসে ঘটে যাওয়া ঘটনাটির প্রকৃত কারণ জানা না যাওয়া পর্যন্ত স্টান গ্রেনেডের ব্যবহার বন্ধ থাকবে।

    কয়েকটি সংগঠন অভিযোগ করেছে, বিক্ষোভে শিক্ষার্থীদের ওপর পুলিশ মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেছে।

    পুলিশের আচরণ যথাযথ ছিল কি না, তা জানতে পুলিশের তদারকি সংস্থা আইজিপিএন ১৮টি তদন্ত শুরু করেছে।

    এদিকে, আজ বুধবারও বিক্ষোভের কারণে ফ্রান্সে পাঁচ শতাধিক স্কুল পুরোপুরি বা আংশিক বন্ধ রয়েছে। এই বিক্ষোভ নিয়ে বুধবার সন্ধ্যায় বক্তব্য দেওয়ার কথা ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকোর্নুর।

    মঙ্গলবার উন্নততর শিক্ষাব্যবস্থার পরিবেশের দাবিতে কয়েক লাখ মানুষ রাস্তায় নেমেছিলো। তখন দেশটির কয়েকটি শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়।

    ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভ থেকে ৪৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর ৪৩ জন সদস্য আহত হয়েছেন।

    শুরুতে বিক্ষোভটি শুধু হাইস্কুলের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু পরে তাদের অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রমিক সংগঠনও এই বিক্ষোভে যোগ দেন।

  4. হামাসের হামলার তিন বছর স্মরণ করছে ইসরায়েল

    ২০২৩ সালের সাতই অক্টোবর হামাসের হামলার তিন বছর উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে ইসরায়েল। ওই হামলায় প্রায় এক হাজার ২০০ জন মানুষ নিহত হন এবং আরও ২৫১ জনকে জিম্মি করা হয়।

    হলোকাস্টের পর ইহুদিদের ওপর সবচেয়ে প্রাণঘাতী ওই হামলার জবাবে গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই অভিযানে অন্তত ৭৪ হাজার ২০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গত বছরের অক্টোবরে যুদ্ধ বন্ধে সম্মত হয় হামাস ও ইসরায়েল। ওই পরিকল্পনায় সব ধরনের সামরিক অভিযান স্থগিত করা এবং হামাসের হাতে আটক থাকা সর্বশেষ জিম্মিদের হস্তান্তরের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

    তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় ইসরায়েলি হামলায় এক হাজার ৪৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

    ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা হামাসের কমান্ডার বা সন্ত্রাসীদের লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।

    সাতই অক্টোবরের হামলায় নিহতদের স্মরণে ইসরায়েলজুড়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    এর মধ্যে নোভা সংগীত উৎসবের স্থানেও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা রয়েছে। ২০২৩ সালের হামলায় সেখানে কয়েকশ মানুষ নিহত হন এবং অনেককে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

  5. প্রতিবছর সাতই নভেম্বর সাধারণ ছুটির প্রজ্ঞাপন

    প্রতিবছর সাতই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

    আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাঁচই অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকার প্রতি বছর সাতই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

    অতীতে বিএনপি সরকারের সময় এই সাধারণ ছুটি থাকলেও ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেই ছুটি বাতিল করেছিল।

  6. পূজায় একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

    আসন্ন দূর্গা পূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে আগামী ১৭ই অক্টোবর শনিবার বাংলাদেশের সকল সরকারি অফিস খোলা থাকবে।

    আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওইদিন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসসমূহ খোলা থাকবে।

    তবে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটি পাবেন না।

    সেইসাথে, হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও এই ছুটির আওতাবহির্ভূত থাকবে

    চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ঔষধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতায় পড়তেন না। এছাড়া, জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিসগুলোও এর আওতাবহির্ভূত থাকবে।

    ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক এ নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

    এতে আরও বলা হয়, আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রীম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

    বেসরকারি খাতের ছুটির বিষয়ে বলা হয়েছে, বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান বা কল-কারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

  7. মঙ্গলবার সারাদিন যা যা হয়েছে

    • নয় ঘণ্টা অবস্থান বিক্ষোভে বসে থাকা রাহুল গান্ধীকে হেফাজতে নিয়ে নিয়েছে দিল্লি পুলিশ। দুই ঘণ্টা পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী দিল্লির আকাশবাণী ভবনে অবস্থান কর্মসূচিতে বসেছিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।
    • সুন্দরবনের কোল ঘেঁষে তৈরি তিন জেলার ২৪টি রিসোর্টের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এদের বিরুদ্ধে অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়েছে।
    • ‘মব’ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাওয়াদুল হককে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে।
    • হরমুজ প্রণালি অতিক্রম করার সময় মঙ্গলবার এক হামলায় পানামার পতাকাবাহী একটি তেলের ট্যাংকার ১২ জন ক্রু আহত হয়েছেন। এখন তারা ওমানে চিকিৎসাধীন রয়েছেন।
    • সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • নির্বাচন কমিশনের সামনের রাস্তা থেকে প্রধান নির্বাচন কমিশনারকে বার্তা দিয়ে রাহুল গান্ধী বলেন, 'জ্ঞানেশ, ইটস ডান ব্রো' অর্থাৎ, জ্ঞানেশ, তোমার খেলা শেষ।
    • হাইস্কুলে অপর্যাপ্ত বিনিয়োগের অভিযোগ তুলে ফ্রান্সে শিক্ষার্থী, অভিভাবক ও ট্রেড ইউনিয়নগুলো বিক্ষোভ করছে।
    • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছে। এ বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ২৮১ জন ডেঙ্গুতে মারা গেছে। হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু হয়েছে।
    • বেলজিয়ান - আমেরিকান পার্টিকেল বা কণা পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস হেলজেন এই বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন।
    • বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ (মঙ্গলবার) এক অনির্ধারিত সফরে দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন বলে বিবিসি জানতে পেরেছে।
    • যুক্তরাষ্ট্রের জন্য ভিসার আবেদন করলে তাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য না দিলে ওই আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
    • বাংলাদেশে প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলি করার একটি প্রক্রিয়া চালু করেছে সরকার।
    • ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে শরিফুল ইসলাম শফিক নামে এক আসামি পালিয়ে গেছেন।
  8. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।