বৃহস্পতিবার সারাদিন যা যা হলো:
- বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়েই যাচ্ছে। তিন দিনের সফরে দিল্লি থেকে আজ দুপুরে ঢাকায় এসে পৌঁছান সার্জিও গর।
- জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাদেকা হালিমসহ তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত ও চার শিক্ষককে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
- "আমার এই চার-পাঁচ মাসের মন্ত্রীত্বের অভিজ্ঞতা বলা দরকার, আমি দেখছি, কিছুই বদলায় নাই। যারা ঘুষ খেত, তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছে। একইভাবে যারা ভালো একটা কাজকে আটকে দিতো, তারা আটকে দিচ্ছে," বলেছেন বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি'র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িতে আবারও হামলা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।
- অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
- কয়েক সপ্তাহের মধ্যেই চীনের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক যুদ্ধের পর নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠন করতে চাচ্ছে ইরান।
- সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেছে সরকার। পাশাপাশি, ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেলও নিয়োগ দেওয়া হয়েছে।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। অন্যান্য খবর পড়তে বিবিসি বাংলার মূলপাতায় ক্লিক করুন।