আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশুর বাবা-মায়ের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

ঢাকার পল্লবীতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার রাতে তার বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে, ট্রাম্প-পুতিনের পর এবার চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। হরমুজ প্রণালিতে ইরানের শুল্ক আদায়ের পরিকল্পনাকে ‘সম্পূর্ণ অবৈধ ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • বৃহস্পতিবার রাতে ঢাকার পল্লবীতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশুর বাবা-মায়ের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • ঢাকার পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রী।
    • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি প্রচেষ্টাকে এগিয়ে নিতে বেইজিংয়ে বৈঠকে বসছেন চীন ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ২৩শে মে থেকে ২৬শে মে পর্যন্ত বেইজিং সফর করবেন।
    • হরমুজ প্রণালিতে ইরানের শুল্ক আদায়ের পরিকল্পনাকে ‘সম্পূর্ণ অবৈধ ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
    • রাজ্য সরকারি কর্মীদের পূর্ব অনুমতি ছাড়া গণমাধ্যমের সঙ্গে কথা বলা ও গণমাধ্যম আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল পশ্চিমবঙ্গ সরকার।
    • গরু, মোষ সহ গবাদি পশু জবাই করা ও তার মাংস বিক্রি সঙ্ক্রান্ত পুরোনো একটি আইন নতুনভাবে বলবৎ করার নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। কোরবানির ঈদের আগে রাজ্য সরকারের এই বিধিনিষেধের বিরোধিতা করে কলকাতা হাই কোর্টে বেশ কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।
    • কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগের নিন্দা জানিয়েছে চীন। বেইজিংয়ের দাবি, কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ ও হুমকি প্রদান বন্ধ করা উচিত।
    • ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪৮৮ জনে দাঁড়ালো।
    • “আশা করছি যে কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো,” এই মন্তব্য করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশুর বাবা-মায়ের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

    ঢাকার পল্লবীতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশুর বাবা-মায়ের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বৃহস্পতিবার রাতে ওই শিশুর বাসায় যান প্রধানমন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

    ওই হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

    এর আগে এই ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশনা দেন বাংলাদেশ সরকারের দুইজন মন্ত্রী।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শিশু হত্যাকাণ্ডসহ দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    আর ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে আগামী এক সপ্তাহের মধ্যে এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

    গত মঙ্গলবার মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাট থেকে এই শিশু মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করেছে পুলিশ।

  3. হরমুজ প্রণালিতে টোল আদায় অবৈধ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    হরমুজ প্রণালিতে ইরানের শুল্ক আদায়ের পরিকল্পনাকে ‘সম্পূর্ণ অবৈধ ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

    বৃহস্পতিবার মায়ামি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া জানান।

    রুবিও জানান, ইরানের এই বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে এবং বিষয়টি নিরাপত্তা কাউন্সিলে তোলার প্রক্রিয়াও চলছে।

    তিনি দাবি করেন, এই প্রস্তাবের পক্ষে ইতোমধ্যে ১০০টিরও বেশি দেশ সমর্থন জানিয়েছে, যা নিরাপত্তা কাউন্সিলের ইতিহাসে যেকোনো প্রস্তাবের ক্ষেত্রে সর্বোচ্চ সমর্থনের রেকর্ড।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা আগেও বলেছি, হরমুজ প্রণালিতে টোল ব্যবস্থার প্রবর্তন অগ্রহণযোগ্য। এটি কেবল যুক্তরাষ্ট্রের বক্তব্য নয়, পুরো বিশ্বই এ বিষয়ে একমত।”

    গত সপ্তাহে চীন সফরকালে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং চীনও এই পরিকল্পনার বিপক্ষে অবস্থান নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। রুবিও বলেন, “বিশ্বের কোনো দেশই এমন শুল্ক ব্যবস্থার পক্ষে নয়। এটি কোনোভাবেই বাস্তবায়িত হতে পারে না।”

    ইরানকে সতর্ক করে রুবিও বলেন, এরকম নীতি অব্যাহত থাকলে যেকোনো ধরনের কূটনৈতিক চুক্তি অসম্ভব হয়ে পড়বে। তিনি বলেন, “যদি তারা এমন কিছু করার চেষ্টা করে, তবে তা পুরো বিশ্বের জন্য হুমকি হিসেবে গণ্য হবে এবং এটি হবে সম্পূর্ণ বেআইনি।”

  4. এবার চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা এবং চলমান শান্তি প্রচেষ্টাকে এগিয়ে নিতে বেইজিংয়ে বৈঠকে বসছেন চীন ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব।

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ২৩শে মে থেকে ২৬শে মে পর্যন্ত বেইজিং সফর করবেন।

    বৃহস্পতিবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বেইজিং সফরে চীনের নেতৃত্বের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

    মুখপাত্র আরও বলেন, “মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীন পাকিস্তানের সঙ্গে মিলে গঠনমূলক ভূমিকা পালন করবে। শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ অবসানে পাকিস্তানের ‘ন্যায্য ও ভারসাম্যপূর্ণ’ মধ্যস্থতাকে বেইজিং পূর্ণ সমর্থন দেয়।”

    গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা নিরসনে পাকিস্তান অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে।

    এই কূটনৈতিক প্রচেষ্টার ধারাবাহিকতায় বৃহস্পতিবার তেহরান সফর করছেন পাকিস্তানের সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ফিল্ড মার্শাল আসিম মুনির।

    গত দুই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আতিথ্য দিয়েছে বেইজিং।

  5. পশ্চিমবঙ্গে গবাদি পশু জবাই আইনের বিরুদ্ধে জনস্বার্থ মামলা মহুয়া মৈত্র ও অন্যান্যদের

    গরু, মোষ সহ গবাদি পশু জবাই করা ও তার মাংস বিক্রি সঙ্ক্রান্ত পুরোনো একটি আইন নতুনভাবে বলবৎ করার নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার।

    কোরবানির ঈদের আগে রাজ্য সরকারের এই বিধিনিষেধের বিরোধিতা করে কলকাতা হাই কোর্টে বেশ কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এর মধ্যে একটি মামলার আবেদনকারী তৃণমূল সংসদ সদস্য মহুয়া মৈত্র।

    রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে জবাইয়ের অনুমতি দেওয়ার আগে গবাদি পশুর বয়স ও শারীরিক অবস্থা সম্পর্কে পশুচিকিৎসকের মূল্যায়ন বাধ্যতামূলক। একেই চ্যালেঞ্জ জানিয়েছেন মহুয়া মৈত্র।

    তার পক্ষের আইনজীবী আদালতে জানান তিনি শুধুমাত্র ‘ইন্টারিম রিলিফ’ চেয়েছেন।

    তার যুক্তি, ১৯৫০ সালের আইনটি ধর্মীয় বলির বিরুদ্ধে তৈরি করা হয়েছিল। এর চার নম্বর ধারায় বলা হয়েছে শুধুমাত্র ১৪ বছরের বেশি বয়সি পশুই কোরবানি দেওয়া যাবে।

    তিনি যুক্তি দেন, কোরবানি শুধুমাত্র সুস্থ পশুর ক্ষেত্রেই প্রযোজ্য, বৃদ্ধ বা পঙ্গু পশুর ক্ষেত্রে নয়।

  6. ‘উস্কানিমূলক’ মন্তব্যের জেরে অভিষেকের বিরুদ্ধে এফআইআর; কী বলল আদালত

    পশ্চিমবঙ্গের সাবেক ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে ‘উস্কানিমূলক’ মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া এফআইআর নাকচের আর্জি মঞ্জুর না করলেও কলকাতা হাই কোর্ট বৃহস্পতিবার জানিয়েছে তাকে আগামী ৩১শে জুলাই পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ‘কড়া পদক্ষেপ’ নেওয়া যাবে না।

    একটি নির্বাচনী সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে মন্তব্য ও ‘উস্কানিমূলক’ ভাষণের অভিযোগ উঠেছিল। এই নিয়ে গত ১৫ই মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় ডায়মন্ড হারবারের সংসদ সদস্য ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

    সেই এফআইআর নাকচ করার জন্য হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আদালত তাতে সায় দেয়নি। দায়িত্বপূর্ণ পদে থেকেও তিনি কীভাবে “দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য” করতে পারেন সে নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে আদালত।

    তবে আদালত জানিয়েছে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই। পাশাপাশি তদন্তে সহযোগিতা করার কথা বলা হয়েছে অভিষেক ব্যানার্জীকে।

  7. সরকারি কর্মচারীদের গণমাধ্যমে কথা বলতে নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গ সরকারের

    রাজ্য সরকারি কর্মীদের পূর্ব অনুমতি ছাড়া গণমাধ্যমের সঙ্গে কথা বলা ও গণমাধ্যম আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল পশ্চিমবঙ্গ সরকার।

    ২০ মে প্রকাশিত একটি নির্দেশিকায় বলা হয়েছে, ভারতীয় সিভিল সার্ভিস, পশ্চিমবঙ্গের পুলিশ সার্ভিস ও যে সব কর্মচারীরা পশ্চিমবঙ্গ সরকারের আওতাধীন ও সাহায্যপ্রাপ্ত সংস্থাগুলিতে কর্মরত আছেন, তাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে সরকারের থেকে অনুমতি নিতে হবে।

    ওই নির্দেশিকায় বলা হয়েছে, সংবাদমাধ্যমে সরকারের কোনও নীতির নেতিবাচক সমালোচনা করতে পারবেন না কর্মচারীরা।

    যদিও এই নির্দেশিকা নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে।

    অনেকে বলেছেন, গত সরকারের দুর্নীতির একাধিক অভিযোগ উঠে এসেছিল সরকারি কর্মচারীদের তরফেই। ফলে এই নির্দেশিকা মতপ্রকাশের অধিকারের পরিপন্থী হতে পারে।

    যদিও বিজেপির পার্টির ঘনিষ্ট মহলের ব্যক্তিরা জানিয়েছেন, এই নিয়ম নতুন নয়, ১৯৭৬ সাল থেকেই সরকারি কর্মচারীদের জন্য এই নিয়ম চালু আছে। গত সরকার এই নিয়মটি কঠোরভাবে বলবৎ করেনি।

  8. সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠাবে না ইরান: রয়টার্স

    ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নির্দেশ দিয়েছেন যে, দেশটিতে সংরক্ষিত উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না।

    ইরানের উচ্চপদস্থ দুই কর্মকর্তার বরাতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    দেশটির সর্বোচ্চ নেতার এই নতুন নির্দেশ ওয়াশিংটনের অন্যতম প্রধান দাবির বিপরীতে সরাসরি এক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

    এদিকে ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে রয়টার্স আরও জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে এই নিশ্চয়তা দিয়েছিলেন যে, পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইরান থেকে সরিয়ে ফেলা হবে।

    যেকোনো শান্তি চুক্তির জন্য এটিকে একটি বাধ্যতামূলক শর্ত হিসেবে দেখছে ওয়াশিংটন ও তেল আবিব। কিন্তু ইরানের নতুন এই আদেশের ফলে সেই পথ এখন অনেকটাই রুদ্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইরানের কোনো সরকারি বা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

  9. দেশের দক্ষিণে তাপপ্রবাহ, উত্তরে ঝড়-বৃষ্টির বার্তা আবহাওয়া অফিসের

    দেশের দক্ষিণাঞ্চলে চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    বৃহস্পতিবার সন্ধ্যায় বিবিসি বাংলাকে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।

    মি. কবির বলেন, “দক্ষিণের জেলা খুলনা, সাতক্ষিরা, বাগেরহাট এবং যশোরে হিটওয়েভ আছে এবং এটা অব্যাহত থাকবে। আর দেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।”

    ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের নদী বন্ধরগুলোতে এক নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে বলেও জানান মি. কবির।

    আবহাওয়া অফিসের সবশেষ বার্তা অনুযায়ী- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঝড়ো বাতাসসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

  10. অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে করা রিট আদালতে খারিজ

    অধ্যাপক মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

    বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রিট খারিজের এই আদেশ দেন।

    আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

    গত রোববার অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে রিটটি করা হয়।

  11. কিউবাকে হুমকি দেওয়া বন্ধ করুন: যুক্তরাষ্ট্রকে চীন

    কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগের নিন্দা জানিয়েছে চীন। বেইজিংয়ের দাবি, কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ ও হুমকি প্রদান বন্ধ করা উচিত।

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

    তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের উচিত কিউবার ওপর থেকে নিষেধাজ্ঞা এবং বিচারিক অপব্যবহার বন্ধ করা। যেকোনো মতবিরোধের ক্ষেত্রে বারবার শক্তি প্রয়োগের হুমকি দেওয়া বন্ধ করতে হবে।”

    কিউবার ৯৪ বছর বয়সী সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হত্যাসহ বেশ কিছু গুরুতর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। ১৯৯৬ সালে কিউবা ও ফ্লোরিডার মধ্যবর্তী আকাশসীমায় দুটি বিমান ভূপাতিত করার ঘটনায় মার্কিন নাগরিকদের মৃত্যুর অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে।

    তৎকালীন সময়ে কিউবার সশস্ত্র বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করা রাউল কাস্ত্রো ওই ঘটনার পর আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।

  12. সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করায় জামায়াতে ইসলামীর প্রতিবাদ

    সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে একে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ বলে অভিহিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    বৃহস্পতিবার রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানানো হয়।

    সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, বিচার বিভাগের স্বাধীনতা রুদ্ধ করতেই সরকার এই সচিবালয় বাতিল করেছে। এটি বিচার বিভাগের জন্য একটি ‘কালো দিবস’।

    শিশির মনির বলেন, ১৯৯৯ সালের মাজদার হোসেন মামলার রায় ও ২০২৫ সালের হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু সরকার অধ্যাদেশ বাতিল করে বিচারকদের নিয়ন্ত্রণ পুনরায় আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এসেছে।

    তিনি অভিযোগ করেন, বদলি, পদোন্নতি ও শৃঙ্খলার ক্ষমতা আইন মন্ত্রণালয়ের হাতে থাকায় বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারেন না। সরকারের পছন্দমতো রায় না হলে বিচারকদের বদলি বা পদোন্নতি আটকে দেওয়ার সুযোগ তৈরি করে রাখা হয়েছে বলেও জানান তিনি।

  13. শিশু রামিসা হত্যাকাণ্ড: দ্রুত বিচারের নির্দেশনা সরকারের দুই মন্ত্রীর

    ঢাকার পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সরকারের দুইজন মন্ত্রী।

    বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রামিসা হত্যাকাণ্ডসহ দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    তিনি জানান, সরকার গঠনের পর থেকে এ ধরনের প্রতিটি অপরাধের ক্ষেত্রেই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “শিশু রামিসা হত্যাকাণ্ডের খবর পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আমরা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামি এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।”

    এদিকে, রামিসা হত্যাকাণ্ড নিয়ে বিবৃতি দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

    যেখানে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে আগামী এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

    আইনমন্ত্রী জানিয়েছেন যে, এই অপরাধের বিচারিক প্রক্রিয়া সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে সম্পন্ন করতে সরকার সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

    গত মঙ্গলবার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

  14. হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

    ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪৮৮ জনে দাঁড়ালো।

    বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত দেশে নতুন করে এক হাজার ৪২৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২০৮ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৯ হাজার ২৭৯ জন। আর নিশ্চিত হাম রোগী ৮ হাজার ২৭৫ জন।

    এ পর্যন্ত ৪৬ হাজার ৪০৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪২ হাজার ৩৩৬ জন।

  15. আবারও তেহরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে তেহরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

    ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম-এর প্রতিবেদন অনুযায়ী, আসিম মুনিরের এই সফর মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার ধারাবাহিকতায় অনুষ্ঠিত হচ্ছে।

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে শান্তি ফেরাতে পাকিস্তান বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

    এর আগে, গত বুধবার তেহরান সফর করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এক সপ্তাহের কম সময়ের মধ্যে এটি ছিল তার দ্বিতীয় সফর। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

    বলা হচ্ছে যে, ওই সফরে মহসিন নাকভি ইরানের নেতৃত্বের কাছে পাকিস্তানের পক্ষ থেকে চলমান আলোচনা অব্যাহত রাখার গুরুত্ব ও যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবের বার্তা পৌঁছে দিয়েছেন।

    এর আগে গত ১৮ই এপ্রিল তেহরান সফর করেছিলেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান।

  16. শিগগিরই ব্যারাকে ফিরবে সেনাসদস্যরা: সেনাপ্রধান

    “আশা করছি যে কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো,” এই মন্তব্য করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    বৃহস্পতিবার কুমিল্লা সেনানিবাসে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

    সেনাপ্রধান জানান, এরইমধ্যে অনেক সেনাসদস্য ব্যারাকে ফিরেছেন। এখনো ১৬ থেকে ১৭ হাজার সদস্য দেশের ৬২টি জেলায় কর্মরত রয়েছেন।

    “যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে, আমাদের মাঠে থেকে বিভিন্ন কাজ চলবে। যেমন এখন ফুয়েল ডিপোগুলোতে আমাদের ডেপলয়মেন্ট আছে,” বলেন তিনি।

    অনুষ্ঠানে সেনাপ্রধান দেশ গঠনে ও জাতীয় স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর অবদান তুলে ধরেন। তিনি বলেন, “২০২৪ সালের ২০শে জুলাই থেকে দেশের প্রয়োজনে আমাদের সেনাসদস্যরা মাঠপর্যায়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।”

    গত ১৬ই মে থেকে শুরু হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।

  17. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত করা হোক। তবে ইরানের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি বলেছেন, কোনো চুক্তিতে পৌঁছাতে তার "কোনো তাড়া নেই"।
    • ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, ২৪ ঘণ্টায় তাদের তত্ত্বাবধানে ২৬টি জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। ইরানের সংবাদ সংস্থা- তাসনিম বিপ্লবী গার্ড নৌবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে যে, যেসব জাহাজ হরমুজ পার হয়েছে সেগুলোর মধ্যে ছিল তেলবাহী ট্যাংকার, কনটেইনার জাহাজ এবং অন্য বাণিজ্যিক জাহাজ। এসব জাহাজ অনুমতি নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
    • ইরানের রেভল্যুশনারি গার্ডস এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তবে সেই যুদ্ধ “অঞ্চল ছাড়িয়ে বিস্তৃত হবে”।
    • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরে দুই দেশের মধ্যে ২০টিরও বেশি সমঝোতা সই হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন সম্প্রতি চীন-রাশিয়ার মধ্যে কৌশলগত সমন্বয় আরও জোরদার করা এবং “সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা গভীরতর করার” বিষয়ে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন।
    • ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেছেন, টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে বারবার চিঠি দিয়ে সতর্ক করা হয়েছিল এবং ২০২৪ সাল থেকে অন্তত ১০টি মিটিংয়ে সরকারের কর্মকর্তাদের এটি বলা হয়েছিল। দুপুরে ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার টিকা কেনার প্রক্রিয়ায় পরিবর্তন আনায় দেশে সময়মতো টিকা আসেনি।
    • কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যা মামলায় চার জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কক্সবাজারের আদালত। এছাড়া মামলার রায়ে চারজনকে ১০ বছর করে কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে। মামলায় বাদীপক্ষের আইনজীবী তৌহিদুল এহেছান বিবিসি বাংলার কাছে এসব তথ্য নিশ্চিত করেছেন।
    • রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি সোহেল রানা দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বুধবার জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
    • যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ২০০ বিমান কেনার কথা নিশ্চিত করেছে চীন। গত সপ্তাহে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বুধবার জানায়, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র বিমান ইঞ্জিনের যন্ত্রাংশ ও প্রয়োজনীয় অন্য উপাদানের সরবরাহ নিশ্চয়তা দেবে।
    • ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার দক্ষিণ লেবাননে অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও গণমাধ্যম জানিয়েছে।
    • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন, যারা ভারতের সীমান্ত পেরিয়ে এসেছেন, কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ-এর) আওতায় পড়েন না, তারা "পুরোপুরি অবৈধ অনুপ্রবেশকারী"।
  18. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে