আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

অবরোধ ভেঙে কোনো জাহাজ যেতে পারেনি, বলছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের বন্দর ও উপসাগরীয় এলাকায় তাদের অবরোধ শুরু হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় কোনো জাহাজ তা অতিক্রম করতে পারেনি। ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করার কথা জানিয়েছে ইতালি। এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন ইতালির সঙ্গে তাদের কোনো নিরাপত্তা সংক্রান্ত চুক্তি নেই। দিনের ঘটনাপ্রবাহ দেখুন এক নজরে...

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা হলো-

    • ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই চারটি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার খবর মিলেছে। জাহাজের ট্র্যাকিং তথ্য বিশ্লেষণ করেছে বিবিসি ভেরিফাই।
    • এদিকে, যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের বন্দর ও উপসাগরীয় এলাকায় তাদের অবরোধ শুরু হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় কোনো জাহাজ তা অতিক্রম করতে পারেনি।
    • ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলের সঙ্গে দেশটির প্রতিরক্ষা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছেন।
    • ইসরায়েল ও লেবাননের মধ্যে আলোচনার মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী ও হেজবুল্লাহর মধ্যে যুদ্ধ চলছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন জায়গায় ধোঁয়া উড়তে দেখা যায়।
    • যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় প্রায় ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করেছে ইরান সরকার।
    • বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে ইরান যুদ্ধের কারণে জ্বালানি খাতে যে ধাক্কা লেগেছে, তাতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে যুক্তরাজ্যের ওপর, এমন আভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ।
    • ফ্রান্স ঘোষণা করেছে যে, তারা ব্রিটেনের সাথে যৌথভাবে হরমুজ প্রণালি নিয়ে একটি আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করবে।
    • গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
    • নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বাংলা নতুন বছরের প্রথম দিন টাঙ্গাইল থেকে কৃষক কার্ডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। এবং বিরোধ সমাধানে কূটনৈতিক পথই তাদের পছন্দনীয়।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. নিজ বাসার সামনে হাসনাত আব্দুল্লাহর সাথে কী হয়েছিল, যা জানালেন মনজুর আলম

    চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়েছিলেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। পরে ওই বাসার সামনে একদল যুবক জড়ো হয়ে নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে মি. আব্দুল্লাহকে নানা প্রশ্ন করছেন এমন কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

    তাদের কাউকে কাউকে বলতে শোনা যায়, সাবেক মেয়র মনজুর ‘আওয়ামী লীগের দোসর’; তার বাসায় হাসনাত কেন এসেছেন সেটিও জানতে চান তারা, মি. আব্দুল্লাহর কাছে।

    সেখানে ঠিক কী হয়েছিল জানতে মি. আব্দুল্লাহর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

    তবে এ বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনে সাবেক মেয়র মনজুর আলম।

    তিনি বিবিসি বাংলাকে বলেন, "চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহ সাহেবের একটি প্রোগ্রাম ছিল। তিনি চট্টগ্রামে এসে আমাকে ফোন দিয়েছিলেন দুপুরে। বলেছিলেন আমার বাসায় আসবেন। আমি তাকে দুপুরে খাওয়ার আমন্ত্রণ জানাই।"

    সাবেক এই মেয়র জানান, বিকেল তিনটার দিকে হাসনাত আব্দুল্লাহ তার বাসায় আসেন এবং দুপুরের খাবারও খান।

    মি. আলম বলেন, "এর কিছুক্ষণ পরে লোকাল কিছু ছেলে বাইরে জড়ো হয়েছিল। পরে হাসনাত আব্দুল্লাহ নিজে গিয়ে তাদের কাছে কথা বলে সাড়ে পাঁচটা ছয়টার দিকে চলে যান।"

    জড়ো হওয়া ওই ব্যক্তিদের অনেককে মনজুর আলমকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দিতে শোনা যায়। এ নিয়ে প্রশ্ন করা হলে মনজুর আলম বিবিসি বাংলাকে বলেন, "আমার নামে তো কোনো মামলাও নাই। আমি আওয়ামী লীগও করি না। আমি আওয়ামী লীগের দোসর কোথা থেকে হইলাম?"

    "আমি তো বিএনপির মেয়র ছিলাম। আমি কী আওয়ামী লীগে যোগ দিছিলাম নাকি? আওয়ামী লীগের তো আমি কিছুই ছিলাম না," যোগ করেন তিনি।

    "এখানে যারা এসেছিল সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত, এবং তাদের সবার বাসায় তাদের বাসা ও আশপাশের এলাকায়," দাবি করেন মি. আলম। জানান, ২০১৫ সালের নির্বাচনের পর তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন। এখন তিনি সমাজসেবামূলক কাজের সাথে জড়িত।

    তিনি কী আগামীতে এনসিপির হয়ে মেয়র নির্বাচন করতে চান? এমন প্রশ্নের জবাবে সাবেক এই মেয়র বলেন, "মানুষ এটা নিয়ে কানাঘুষা করতেছে। আমি তো কাউকে বলি নাই আমি নির্বাচন করবো।"

    এ নিয়ে হাসনাত আব্দুল্লাহর সাথে কোনো কথা হয়নি বলেও বিবিসি বাংলার কাছে দাবি করেন তিনি।

    উল্লেখ্য, মি. আলম ২০১০ সালে বিএনপির সমর্থন নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। ২০১৫ সাল পর্যন্ত তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

  3. অবরোধ ভেঙে কোনো জাহাজ যেতে পারেনি, বলছে যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের বন্দর ও উপসাগরীয় এলাকায় তাদের অবরোধ শুরু হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় কোনো জাহাজ তা অতিক্রম করতে পারেনি।

    যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানায়, এই অবরোধে ১০ হাজারের বেশি সেনাসদস্য, ডজনখানেক যুদ্ধজাহাজ ও বিমান অংশ নিয়েছে।

    তারা আরও জানায়, ছয়টি বাণিজ্যিক জাহাজ মার্কিন বাহিনীর নির্দেশনা মেনে ফিরে গেছে এবং আবার ইরানের বন্দরে প্রবেশ করেছে।

    সেন্টকম এই তথ্য এমন সময় জানিয়েছে যখন বিবিসি ভেরিফাই ট্র্যাকিং ডেটার তথ্য বিশ্লেষণ করে দেখে যে অবরোধ শুরুর পর ইরান-সংশ্লিষ্ট চারটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

    সেন্টকম বলছে, ইরানের বন্দরে যাওয়া বা সেখান থেকে আসা—সব দেশের জাহাজের ক্ষেত্রেই এই অবরোধ কার্যকর করা হচ্ছে।

    তবে যারা ইরানে যাচ্ছে না বা সেখান থেকে আসছে না, তাদের জন্য সমুদ্রপথে চলাচলের স্বাধীনতা রয়েছে।

  4. 'ইতালির সঙ্গে আমাদের কোনো নিরাপত্তা চুক্তি নেই'— ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়

    ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছিলেন তার দেশ ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করছে। এবার এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে ইসরায়েল।

    ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত তাদের নিরাপত্তায় কোনো প্রভাব ফেলবে না।

    ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, "ইতালির সঙ্গে আমাদের কোনো নিরাপত্তা চুক্তি নেই।"

    তিনি এটিকে বহু বছর আগের একটি সমঝোতা স্মারক হিসেবেই উল্লেখ করেন।

    তিনি আরও বলেন, “এটি ইসরায়েলের নিরাপত্তায় কোনো প্রভাব ফেলবে না।”

  5. লেবাননে লড়াই চলছেই, আকাশে ধোঁয়া

    ইসরায়েল ও লেবাননের মধ্যে আলোচনার সময় আগেই নির্ধারিত হয়েছে। কিন্তু এর মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী ও হেজবুল্লাহর মধ্যে যুদ্ধ চলছে।

    গত রাতে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা দক্ষিণ লেবাননে হেজবুল্লাহর প্রায় ১৫০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

    অন্যদিকে, হেজবুল্লাহ আজ একাধিক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েলের দিকে রকেট ছুড়ছে।

    মঙ্গলবার দক্ষিণ লেবাননের কিছু ছবি প্রকাশিত হয়েছে। যেখানে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে এবং আকাশে ধোঁয়া উড়তে দেখা গেছে।

  6. যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার

    যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় প্রায় ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করেছে ইরান সরকার।

    ইরান রেভ্যুলুশনারি গার্ড কোর বা আইআরজিসি ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছি।

    রাশিয়ার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, প্রাথমিক ও আনুমানিক হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন ডলার বা ১৮৯ বিলিয়ন পাউন্ড।

    তিনি জানান, ইরানি কর্তৃপক্ষ এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের কাজ চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে ভবন ধ্বংসের ক্ষতি এবং শিল্পকারখানা বন্ধ থাকায় রাজস্ব ক্ষতির হিসাব।

    মি. মোহাজেরানি আরও বলেন, গেলো সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ক্ষতিপূরণের বিষয়টিও জানানো হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই তথ্য জানিয়েছে।

    এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, পাকিস্তানে গুরুত্বপূর্ণ আলোচনা হলেও কোনো চুক্তি হয়নি।

  7. পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বিজেপির পথ তৈরি করে দিচ্ছে: রাহুল গান্ধী

    পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মঙ্গলবার প্রচার কর্মসূচিতে রাজ্যে এলেন জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

    মুর্শিদাবাদে এক জনসভায় তিনি বলেন, “পশ্চিমবঙ্গে বিজেপি ও আরএসএস-এর লোকেরা জাতীয় নির্বাচন কমিশনকে (কাজে লাগিয়ে) লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। যাদের নাম ভুল করে বাদ দেওয়া হয়েছে, তাদের সবার নাম আমি পুনরায় ভোটার তালিকায় যুক্ত করব।”

    মি. গান্ধী আরও অভিযোগ করেন, “নরেন্দ্র মোদী ভোট চুরি করছেন, বেকারত্ব ও হিংসা ছড়াচ্ছেন এবং দুই ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন। আর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নিজের দায়িত্ব পালন করছে না।”

    তিনি আরও বলেন, “মনে হচ্ছে যেন তৃণমূল কংগ্রেস বিজেপির পথ প্রশস্ত করে দিচ্ছে। তৃণমূল কংগ্রেস হিংসা ছড়াচ্ছে, সব ফ্যাক্টরি বন্ধ করিয়ে দিচ্ছে।বেকারত্বে পশ্চিমবঙ্গকে এক নম্বরে নিয়ে গেছে।”

    আসন্ন নির্বাচনের আগে রাজ্যে এটিই মি. গান্ধীর প্রথম প্রচার সভা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুর্শিদাবাদ ও মালদায় তৃণমূল বিরোধী মুসলিম ভোটের একটি বড় অংশ কংগ্রেসের দিকে ঝুঁকে থাকে।

    ২০২৬ সালের নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন পাঁচবারের সংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরী এবার বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়ছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফ-এর মধ্যে জোট থাকলেও, ২০২৬-এর এই নির্বাচনে কংগ্রেস এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে।

  8. ইরান যুদ্ধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাজ্যের প্রবৃদ্ধি: আইএমএফ

    বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে ইরান যুদ্ধের কারণে জ্বালানি খাতে যে ধাক্কা লেগেছে, তাতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে যুক্তরাজ্যের ওপর, এমন আভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ।

    আইএমএফ তাদের সর্বশেষ ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরে যুক্তরাজ্যের প্রবৃদ্ধি পূর্বাভাস কমে দশমিক আট শতাংশে নেমেছে। যুদ্ধ শুরু আগে গত জানুয়ারিতে যা ছিল ১.৩ শতাংশ।

    আইএমএফ বলছে, এই প্রবৃদ্ধি কমার পেছনে সবচেয়ে বড় কারণ ইরান যুদ্ধ। এতে সুদের হার যেমন কমেছে সেই সাথে জ্বালানি তেলে উচ্চমূল্যও অন্যতম কারণ। যার প্রভাব চলতে পারে আগামী বছর পর্যন্ত।

    আইএমএফ সতর্ক করে বলেছে, এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় ফেলবে এবং বৈশ্বিক মন্দার ঝুঁকি তৈরি করতে পারে।

    একই সঙ্গে মূল্যস্ফীতি মোকাবিলায় সুদের হার বাড়ানোর ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইএমএফ।

  9. হরমুজ প্রণালি নিয়ে যৌথভাবে আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করবে ব্রিটেন ও ফ্রান্স

    ফ্রান্স ঘোষণা করেছে যে, তারা ব্রিটেনের সাথে যৌথভাবে হরমুজ প্রণালি নিয়ে একটি আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করবে।

    এলিসি প্রাসাদের ঘোষণা অনুযায়ী, হরমুজ প্রণালিকে সুরক্ষিত করতে তারা একটি পূর্ণাঙ্গ ও প্রতিরক্ষামূলক মিশনে অংশ নিতে প্রস্তুত। এ উপলক্ষ্যে শুক্রবার ভিডিও কনফারেন্সে একটি বৈঠকও অনুষ্ঠিত হবে।

    এই সভার উদ্দেশ্য হলো, নিরাপদে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের উপায় নিয়ে আলোচনা করা।

    ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পরে এই বৈঠকটি এই সংকট সমাধানে কার্যকরী হতে পারে।

    ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জোঁ-নোয়েল বারো বলেছেন যে, বৈঠকটি প্রাথমিকভাবে একটি বড় ধরনের উদ্যোগ। এর সাথে অন্তত ডজনখানেক দেশ যুক্ত হচ্ছে।

    তিনি আরও জানান, উপসাগরীয় রাষ্ট্রগুলোর সাথে সমন্বয়ক করেই উদ্যোগটি বাস্তবায়ন করতে চান তারা।

  10. হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও নয়জন শিশুর মৃত্যু

    গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৮ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

    মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১০৫জন শিশু। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৭৬ জনের।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৬৪ জন।

  11. তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক-এর সহপ্রতিষ্ঠাতা বিনেশ চান্দেল ১০ দিনের ইডি হেফাজতে

    গ্রেফতার হওয়া তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক-এর সহপ্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলের ১০ দিনের ইডি হেফাজত মঞ্জুর করেছে ভারতের আদালত।

    মঙ্গলবার দিল্লির একটি আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) ১০ দিনের হেফাজত নেয়ার আদেশ দেয়।

    পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের ঠিক আগে, সোমবার রাতে কয়লা পাচার মামলায় মি. চান্দেলকে গ্রেফতার করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিল্লি পুলিশের দায়ের করা ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের ভিত্তিতে এই মামলার তদন্ত শুরু হয়।

    আইপ্যাক হলো তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা। গত জানুয়ারি মাসে এই একই মামলায় আইপ্যাকের আর এক প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাক-এর কলকাতা দফতরে তল্লাশি চালিয়েছিল ইডি।

    সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী সশরীরে ওই স্থানে উপস্থিত হন। ইডির অভিযোগ, মিজ. ব্যানার্জী তদন্তে বাধা সৃষ্টি করেছিলেন।

    তৎকালীন সময়ে মিজ. ব্যানার্জী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে, রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে পরিকল্পিতভাবে তার দলের সমস্ত নথিপত্র হাতিয়ে নেওয়া হচ্ছে।

    মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তৃণমূলের রাজ্যসভার সংসদ ডেরেক ও'ব্রায়েন বলেন, “আমরা বিনেশ চান্দেলের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। সেই সঙ্গে নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় সংস্থাগুলিকে সরিয়ে নেওয়ার দাবিও রাখছি।”

  12. আম যখন ধরবে, জাম যখন ধরবে, আমি খাবো, আমাকে পাঠাবেন: তারেক রহমান

    কৃষকদের মাঝে গাছের চারা বিতরণকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "উপস্থিত ভাই ও বোনেরা, ওনাদের একেকটা করে গাছের চারা দিচ্ছি। কয়েকজনকে জাম গাছ দিয়েছি, আম গাছ দিয়েছি, ওনাদের বলেছি এগুলো বাসার সামনে রোপন করতে হবে। ওনাদের আশাপাশে যারা আছে খেয়াল করবেন। আর যারা আম গাছ পেয়েছে, জাম গাছ পেয়েছে তাদেরকে আমি বলেছি আম যখন ধরবে, জাম যখন ধরবে, আমি খাবো, আমাকে পাঠাবেন, আপনারাও খেয়াল রাখবেন।"

    মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

    তিনি বলেন, "বর্তমান নির্বাচিত সরকারের লক্ষ্যই হচ্ছে, কৃষককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসেবে গড়ে তোলা। সেইজন্যই এই কৃষক কার্ড আমরা দিয়েছি।"

    প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের মধ্যে সরকার পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লক্ষ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে।

    ঢাকা থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী সরাসরি টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়াম আসেন। বেলা ১২ টা ২২ মিনিটে প্রধানমন্ত্রী কৃষক কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

    প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন চাপ দেওয়ার সাথে সাথে টাঙ্গাইলসহ সারাদেশে ১১টি উপজেলার ২২ হাজার ৬৭ জন কৃষকের প্রত্যেকের মোবাইলের মাধ্যমে ব্যাংক একাউন্টে আড়াই হাজার টাকার নগদ অর্থ চলে যায়। টাঙ্গাইলে ১৪শ ৫৩ জন কৃষক এই অর্থ পান।

  13. ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করছে ইতালি

    ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই একটি ব্রেকিং নিউজ জানাচ্ছে ইতালির সংবাদ মাধ্যমগুলো।

    সেখানে বলা হয়েছে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলের সঙ্গে দেশটির প্রতিরক্ষা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছেন।

    মঙ্গলবার ভেরোনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, হরমুজ প্রণালি আবার চালু করতে সব ধরনের চেষ্টা চালানো উচিত।

    ইসরায়েলের সাথে ইতালির চুক্তিটি ২০০৩ সালে স্বাক্ষরিত হয়েছিল এবং ইতালির রাজনৈতিক সরকারগুলো প্রতি পাঁচ বছর পরপর এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করে আসছিল।

  14. সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের সমস্যা আরও বাড়বে: ইরানের প্রেসিডেন্ট

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। এবং বিরোধ সমাধানে কূটনৈতিক পথই তাদের পছন্দনীয়।

    ইরানের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সাথে এক কথোপকথনে এ কথা বলেন।

    পেজেশকিয়ান জানান, হুমকি, চাপ কিংবা সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র নিজেদের সমস্যা আরো বাড়াবে এবং পরিস্থিতি আরো জটিল হবে।

    ইউরোপের উচিত যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন ও নীতি মেনে চলতে উৎসাহিত করা- এমন মন্তব্যও করেছেন মি. পেজেশকিয়ান।

  15. যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পার হয়েছে চারটি জাহাজ

    যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই চারটি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার খবর মিলেছে।

    জাহাজের ট্র্যাকিং তথ্য বিশ্লেষণ করেছে বিবিসি ভেরিফাই। তথ্য বিশ্লেষণে দেখা গেছে ওয়াশিংটনের নৌ অবরোধ শুরু হলেও চারটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

    মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, এই জাহাজগুলোর মধ্যে দুটি আগেই ইরানের বন্দরে গিয়েছিল।

    এদের মধ্যে ‘ক্রিস্টিয়ানা’ নামের একটি জাহাজ আগে ইরানে গিয়েছিল।

    অন্যদিকে, রিচ স্টারি নামের আরেকটি জাহাজ আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাভুক্ত ছিল। এই জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পূর্ব দিকে যাত্রা করে রাতেই হরমুজ প্রণালি পাড়ি দেয়।

    যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা আরেকটি জাহাজ মুরলিকিশান। এই জাহাজটি চীনের লানসান থেকে রওনা হয়ে রাতের মধ্যেই হরমুজ প্রণালি অতিক্রম করে। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ওই জাহাজের সর্বশেষ অবস্থান ছিল ইরানের কেশম দ্বীপের পূর্বদিকে।

    এছাড়াও এলপিস নামের আরেকটি ট্যাংকার ইরানের বুশেহর বন্দর থেকে মঙ্গলবার পূর্বদিক দিয়ে প্রণালি অতিক্রম করেছে। এটিও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। তবে এই জাহাজটির গন্তব্য কোথায় সেটি নিশ্চিত হওয়া যায়নি।

    তবে, ধারণা করা হচ্ছে এই জাহাজগুলো তাদের অবস্থান গোপন করতে কৌশলের আশ্রয় নিয়ে থাকতে পারে।

    যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছিল, সোমবার দুপুর থেকে তারা ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও বের হওয়া পথ অবরোধ করবে।