বুধবার সারাদিন যা যা ঘটলো:
- সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে 'নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায়' তাকে দল থেকে বহিষ্কার করার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে, হত্যাচেষ্টার অভিযোগে গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন তার গাড়িচালক ওবায়দুর রহমান।
- চার মাসের ব্যবধানে বাংলাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আটশো ছাড়িয়েছে।
- বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়ে ৯৭ তম অবস্থানে বাংলাদেশ। এবারের তালিকায় বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।
- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ ও নওগাঁ জেলায় বন্যা সতর্কতা জারি করেছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
- ভারতের আসামে বন্যায় বিগত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ‘আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি’ (এএসডিএমএ)। এক লাখেরও বেশি মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।
- দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করা সংক্রান্ত পুলিশের নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিওচিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।
- নারী সংসদ সদস্যদর সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে ভারতের লোকসভার বর্ষাকালিন অধিবেশন থেকে বুধবার সাসপেন্ড হন মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জী। একই দিনে, মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে এক দিনের জন্য সাসপেন্ড করা হয়।
- জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত ও মেঘ ভাঙা বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
- এলএনজির ভাসমান টার্মিনাল বা এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট)-এ যান্ত্রিক ত্রুটির কারণে প্রাকৃতিক গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
- সৌদি বন্দরগুলো ব্যবহার না করতে ইয়েমেনের হুথি গোষ্ঠীর সতর্কবার্তার পর বেশ কয়েকটি তেলবাহী ট্যাংকার নিজেদের গতিপথ পরিবর্তন করেছে বলে জানা গেছে।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজকে লক্ষ্য করে ইরান কোনো হামলা চালালে তার জবাবে যুক্তরাষ্ট্র দেশটির অবকাঠামোতে আঘাত হানবে।
- সৌদি আরবের সঙ্গে এমন একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যার মাধ্যমে দেশটি একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ পাবে- নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদনে জানিয়েছে।
- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র এখনো আলোচনায় প্রস্তুত রয়েছে, তবে তেহরান আলোচনার বিষয়ে আন্তরিক নয়।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।