বৃহস্পতিবার সারাদিন যা যা হলো
- পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে ইরান তার আত্মরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
- ইরানে গত দুই দিনে প্রায় ১৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত করার তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার রাতে ৮০টি এবং বুধবার রাতে আরো ৯০টি টার্গেটে হামলার তথ্য জানিয়েছে তারা।
- দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের রাতভর হামলার জবাবে মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান, দাবি ইরানের রাষ্ট্র-ঘনিষ্ঠ বার্তা সংস্থা মেহর নিউজের।
- বৃহৎ জানাজা ও শোকযাত্রা শেষে ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের মরদেহবাহী কফিন ইরানের মাশহাদে পৌঁছায়।
- বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক আসামীর মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় আক্রমণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন।
- টানা বৃষ্টিতে রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় অন্তত ৩৭টি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ মিনিট পর্যন্ত জেলা প্রশাসন থেকে এ সব তথ্য পাওয়া গেছে।
- তুরস্কের সহায়তায় বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা বগুড়ায় ড্রোন তৈরির কারখানা স্থাপন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
- পশ্চিমবঙ্গে বারুইপুরে কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের মধ্যে অন্যতম প্রভাস মণ্ডলের কথিত এনকাউন্টারের তদন্ত করবে সিআইডি।
- সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
- বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-মিসরের ম্যাচে রেফারিংয়ে পক্ষপাতের অভিযোগ তুলে ফিফার সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে গিয়েছিলেন এক তরুণ।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।